শিরোনাম

নোবিপ্রবিতে ১৬ সেপ্টেম্বর নবীন বরণ, প্রধান অতিথি জনপ্রশাসন উপদেষ্টা

নোবিপ্রবিতে ১৬ সেপ্টেম্বর নবীন বরণ, প্রধান অতিথি জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের প্রায় ১ হাজার ৫০০ নবীন শিক্ষার্থী অংশ নেবেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভাগীয় অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এরপর থেকেই বিভিন্ন বিভাগে তাদের নিয়মিত ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর প্রায় দুই মাস পর কেন্দ্রীয়ভাবে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর