সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আরিফুল ইসলাম চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
র্যাব জানায়, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।