শিরোনাম

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ, চালক-হেলপার আটক

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ, চালক-হেলপার আটক

রংপুর ব্যুরো: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে পেছনের চাকায় পিষ্ট করে দুই চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতদের স্বজনদের অভিযোগ, তাঁদের সঙ্গে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাসের কর্মীদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এর জেরেই পরিকল্পিতভাবে তাঁদের বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুকুল মিয়া (৩৩) নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার কালু মিয়ার ছেলে। একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব হোসেন (২৬)। সম্পর্কে তাঁরা প্রতিবেশী চাচা-ভাতিজা।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে বাসের হেলপার ও দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।

নিহতদের বাবা কালু মিয়া ও লোকমান বসুনিয়াসহ স্বজনদের অভিযোগ, মুকুল ও শাকিবের কাছে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের কর্মীদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাঁদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে। এ ছাড়া বাসের চালক জয়নাল ও হেলপার সফিককে আটক করে থানায় নিয়ে যায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় বাস এবং অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুই স্বজনকে হারিয়ে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনেরা অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর