ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদিয়া হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সিরামদিয়া হাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির ও স্পেনপ্রবাসী সরোয়ার হোসেনের আর্থিক সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়।
গত ২ আগস্ট দিবাগত রাতে সিরামদিয়া হাটে চারটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানগুলো পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুনে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশার কথা বিবেচনা করে তাদের তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসেন স্থানীয় বিএনপি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার চার ব্যবসায়ীর হাতে মোট ৯০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা কবির, সদরপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রাজ্জাক তাজুল, সাধারণ সম্পাদক মাসুদ হাসান রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।