লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধা ও প্রতিবাদের মুখে পিছু হটে বিএসএফ। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রাতের দিকে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় বিজিবির একটি দল। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান ও প্রতিবাদের মুখে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা থেকে সরে আসে বিএসএফ।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ১২ জন বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে রয়েছেন। তাঁদের অননুমোদিতভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম বলেন, বিএসএফের অননুমোদিত পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। দ্রুত বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সমাধানের প্রক্রিয়া চলছে।
সীমান্তে এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির ওপর নজর রাখছে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।