উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের শেষে সন্ধ্যা থেকে শীতের মৃদু অনুভূতি শুরু হয়ে তা ভোর পর্যন্ত অব্যাহত থাকছে। মাঝেমধ্যে ভোররাতে কুয়াশাও দেখা যাচ্ছে। শীতের আগাম প্রস্তুতি হিসেবে অনেকে লেপ-তোষক তৈরি করতে ছুটছেন কারিগরদের কাছে। এতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা ও বিক্রি। অন্যদিকে, সামর্থ্য না থাকায় নিম্ন আয়ের মানুষ পুরোনো লেপ-কাঁথা মেরামত করে ব্যবহারের উপযোগী করছেন।
শহরের লেপ-তোষক তৈরির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর তুলার দাম ও মজুরি বেড়ে যাওয়ায় লেপ-তোষক তৈরির খরচও প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে অনেকের পক্ষে নতুন লেপ-তোষক তৈরি করা সম্ভব হচ্ছে না। এদিকে শীতের প্রস্তুতি হিসেবে আগেভাগেই গরম কাপড় কিনতে পুরোনো কাপড়ের দোকানগুলোতেও ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। তবে এসব দোকানে ৫০ টাকার নিচে কোনো গরম কাপড় পাওয়া যাচ্ছে না।
দোকানিরা জানিয়েছেন, চাহিদা বেড়ে যাওয়া এবং পুরোনো কাপড়ের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। পুরোনো কাপড় কিনতে আসা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার বিধবা ছামিরন নেছা বলেন, ‘এবার শীতের কাপড়ের দাম অনেক বেশি। আমরা গরিব মানুষ, কেনার সামর্থ্য নেই। এখনো সরকারি-বেসরকারিভাবে গরম কাপড় বিতরণও শুরু হয়নি।’
উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট জানান, শীতের কাপড়ের জন্য অনেক মানুষ ইউনিয়ন পরিষদে আসছেন। কিন্তু বরাদ্দ না থাকায় তাঁদের সহায়তা করা সম্ভব হচ্ছে না।
সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে লেপ-তোষক তৈরির কারিগররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। সারাদিনই চলছে লেপ-তোষক তৈরির কাজ। দোকানগুলোতে শিমুল তুলার ব্যবহার কমেছে। এর পরিবর্তে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে গার্মেন্টস তুলা, কার্পাস তুলা ও ফাইবারজাতীয় তুলা। সাধারণ মাপের একটি লেপ তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ টাকা। আর একটি তোষক তৈরিতে খরচ পড়ছে ২ হাজার টাকার বেশি।
শহরের বাইরের গ্রামীণ জনপদে ফেরিওয়ালারা ঘুরে ঘুরে রেডিমেড লেপ-তোষক বিক্রি করছেন। তাঁদের কেউ দোকান থেকে তৈরি করে নিয়ে এসব পণ্য বিক্রি করেন, আবার কেউ নিজেরাই তৈরি করেন। শীতের মৌসুমে অনেকেই অন্য ব্যবসা বাদ দিয়ে লেপ-তোষকের ব্যবসায় যুক্ত হন। বাইরের জেলা থেকেও অনেকে সৈয়দপুরে এসে বাসা ভাড়া নিয়ে এ ব্যবসা করছেন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, উত্তরের এ জনপদে ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। পাশাপাশি সকালে কিছুটা কুয়াশাও দেখা যাচ্ছে। কুয়াশার কারণে সকালে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে জানান তিনি।
কিছুটা বেঘাত ঘটতে পারে বলে জানান তিনি।