শিরোনাম

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, গাড়ি ও গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, গাড়ি ও গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিনিধি: সিলেট নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার ভোর ৪টার মধ্যে নগরীর উপশহর এলাকার এইচ ব্লকের ১ নম্বর রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। বিকেলে শাহপরান থানার এক জিডি সূত্রে এ তথ্য নিশিত হওয়া গেছে।

গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেন। পরে ঘটনাস্থলে কেরোসিন বা পেট্রোল বহনের কাজে ব্যবহৃত হতে পারে- এমন দুই লিটারের একটি খালি বোতল পাওয়া যায়।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, তার ব্যবহৃত গাড়ির ইঞ্জিন কভার সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কার্যালয়ের নিচতলায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর