শিরোনাম

সৈয়দপুরে নেমেই বুলেটপ্রুফ বাসে রংপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে নেমেই বুলেটপ্রুফ বাসে রংপুরের পথে প্রধানমন্ত্রী
ছবি প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই বিশেষ বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন ঘিরে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তাঁরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে রংপুরের পথে রওনা হন তিনি। তাঁর যাত্রাপথের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি দেখা যায়।

বিমানবন্দর সড়কে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী এবং তাদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় রংপুর নগরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এ সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সামরিক বিমানে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় অংশ নেওয়ার পর তাঁর চট্টগ্রাম সফরের কর্মসূচিও রয়েছে।

এক দিনের সফরে তিন জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর