বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির হিসেবে পুনর্নির্বাচিত মাওলানা ইকবাল হোসাইন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় শহরের মনোয়ারা কনভেনশন সেন্টারে আয়োজিত জেলা রুকন সম্মেলনে তিনি শপথ নেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় আমির নির্বাচিত হন।
জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিমের সদস্য আ. রশিদ ও মাওলানা আ. হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব কোনো সামাজিক অবস্থান কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদের আত্মিক শক্তি বৃদ্ধি করতে হবে। আত্মিক শক্তি সুদৃঢ় হলে কাজের মধ্যে বরকত আসবে।