শিরোনাম

৫ আগস্টে বোদায় উদ্বোধন হলো ‘হিমালিকা শিশু পার্ক’

৫ আগস্টে বোদায় উদ্বোধন হলো ‘হিমালিকা শিশু পার্ক’

ঐতিহাসিক ৫ আগস্টকে স্মরণীয় করে রাখতে এবং শিশু-কিশোরদের জন্য বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি করতে পঞ্চগড়ের বোদা উপজেলায় উদ্বোধন করা হয়েছে ‘হিমালিকা শিশু পার্ক’।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বোদা উপজেলা পরিষদের আবাসিক এলাকা সংলগ্ন নগরকুমারী এলাকায় নির্মিত পার্কটির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা, মুক্তি ও আনন্দের একটি ঐতিহাসিক দিন। এ দিনে বোদাবাসীর জন্য ‘হিমালিকা শিশু পার্ক’ উদ্বোধনের মাধ্যমে আনন্দের নতুন মাত্রা যুক্ত হয়েছে।

তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ এবং সুস্থ বিনোদনের জন্য একটি নিরাপদ ও আধুনিক পার্কের প্রয়োজন ছিল। নতুন এ পার্কটি বোদা উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, স্থানীয় শিশু-কিশোরদের জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যেই ‘হিমালিকা শিশু পার্ক’ নির্মাণ করা হয়েছে। পার্কে বিভিন্ন রাইড, কৃত্রিম ঝর্ণা, বসার ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জা রাখা হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করবে।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা পার্কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকেই পার্কটিতে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা ঘরের কাছেই একটি আধুনিক ও নিরাপদ বিনোদন কেন্দ্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর