পঞ্চগড় প্রতিনিধি: শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের আয়োজনে ২য় আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৬। পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়েছে আট জেলার প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী।
আজ সোমবার সকালে উদ্বোধনের প্রথম দিনে বাছাই করা পঞ্চগড় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঝাঁক অবকাশের পাখিদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী পর্ব। বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
এর আগে, জাতীয় সংগীত ও বিশ্ব সংগীতের মধ্যে দিয়ে ঝাঁক অবকাশের শুভ সূচনা হয়।
দুইদিন ব্যাপী আয়োজনে রংপুর অঞ্চলের ৮ জেলা থেকে অংশ নিচ্ছে ১৪০ জন হলদে পাখি (শিক্ষার্থী) এবং ৩৪ জন বৃক্ষ পাখি (শিক্ষকরা)।
শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি গার্ল গাইডিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করছে এ আয়োজন।