শিরোনাম

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন ইউপি সদস্য। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ তুলে বুধবার (১৯ আগস্ট) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অনাস্থা প্রস্তাবটি জমা দেন তারা।

ইউপি সদস্যদের দেওয়া আবেদনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে দুর্ব্যবহার এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে।

লিখিত আবেদনে ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যানের সঙ্গে কাজ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এসব কারণে পরিষদের ১২ সদস্য সর্বসম্মতিক্রমে জরুরি সভা করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন। পরে সভার রেজুলেশনের অনুলিপিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তা দাখিল করা হয়।

সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কিছুদিন আগে এক নারী ইউপি সদস্যকে বিনা দোষে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনাটি চেয়ারম্যানের এলাকায় ঘটলেও তিনি কোনো সমাধানের উদ্যোগ নেননি। একজন ইউপি সদস্য লাঞ্ছিত হওয়ার পরও চেয়ারম্যান অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেননি। এ অবস্থায় চেয়ারম্যানের ওপর কীভাবে আস্থা রাখা যায়, সে প্রশ্নও তোলেন তিনি।

অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জিন্নাহ বলেন, অভিযোগ করা হয়েছে এবং এর পক্ষে তথ্য-প্রমাণ রয়েছে। তবে তিনি একা অনাস্থা প্রস্তাব দেননি; ১২ সদস্য সম্মিলিতভাবে প্রস্তাবটি দিয়েছেন। প্রয়োজন হলে সবাই মিলে বসে অভিযোগের তথ্য-প্রমাণ উপস্থাপন করবেন।

তবে ইউপি সদস্যদের অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান মো. আব্দুল হালিম। তিনি বলেন, পুরো ইউনিয়নে খোঁজ নিলে তাঁর এক টাকার অনিয়ম-দুর্নীতির কথাও পাওয়া যাবে না। ইউনিয়নে তাঁর ভালো ভাবমূর্তি রয়েছে। সামনে নির্বাচন থাকায় তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে ইউপি সদস্যরা গোপনে বৈঠক করে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি লিখিত অনাস্থা প্রস্তাব পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মো. আব্দুল হালিম ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ হাজার ৭৫১ ভোট পেয়ে সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর