শিরোনাম

নীলফামারীতে জরাজীর্ণ কাঠের সেতু ভেঙে নদীতে এমপির সফরসঙ্গীরা

নীলফামারীতে জরাজীর্ণ কাঠের সেতু ভেঙে নদীতে এমপির সফরসঙ্গীরা

নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতুর অবস্থা দেখতে গিয়ে বিপাকে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ও তাঁর সফরসঙ্গীরা। অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে যান কয়েকজন নেতা-কর্মী। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।

বুধবার সকালে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নের সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির বর্তমান অবস্থা পরিদর্শন এবং নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান দেখতে সেখানে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গ্রামবাসী তাঁর সঙ্গে ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতা-কর্মী সেতুর নিচে নদীতে পড়ে যান।

স্থানীয় বাসিন্দা ও সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় সংসদ সদস্য নিরাপদে সরে যেতে সক্ষম হন। পরে আহতদের উদ্ধার করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতু হওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।”

পরে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো, গ্রামের মানুষ কতটা কষ্ট করে যাতায়াত করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং কাঁচা রাস্তা পাকা করার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঠের সেতুটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। দ্রুত সেখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর