গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে রোববার (৪ অক্টোবর) বিকেলে তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে শাহিদ আলম উল্লেখ করেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে আর রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথাও পদত্যাগপত্রে উল্লেখ করেন।
শাহিদ আলম বলেন, “শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে পদত্যাগ করেছি। এছাড়া আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়িয়ে ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা। তিনি বলেন, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে সেটি এখনো গ্রহণ করা হয়নি। তার ভাষ্য, কমিটি প্রকাশ না করার জন্য শাহিদ আলম আগ্রহ প্রকাশ করেছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা অপকর্মের অভিযোগ থাকলে তার দায় দল নেবে না বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ফেরদৌস আমিনা।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা এবং সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার আট দিনের মধ্যেই এর আহ্বায়ক শাহিদ আলম পদত্যাগ করলেন।