শিরোনাম

থাই গ্লাস ভাঙার বিরোধে নিরাপত্তাকর্মী খুন, সাবেক সহকর্মী গ্রেপ্তার

থাই গ্লাস ভাঙার বিরোধে নিরাপত্তাকর্মী খুন, সাবেক সহকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সার্ভিসিং সেন্টারের নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। জানালার থাই গ্লাস ভাঙার ক্ষতিপূরণের টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের সাবেক সহকর্মী জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঢাকা-দিনাজপুর মহাসড়কসংলগ্ন একটি সার্ভিসিং সেন্টারের সীমানাপ্রাচীরের ভেতর থেকে আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালপাড়া এলাকায় নিহতের সাবেক সহকর্মী জুয়েলের নানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত আব্দুর রহমানের ব্যবহৃত বাইসাইকেল, মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, জুয়েল আগে ওই সার্ভিসিং সেন্টারে কর্মরত ছিলেন। চাকরির সময় একটি জানালার থাই গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ক্ষতিপূরণের টাকা নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে সুযোগ বুঝে আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তার জুয়েলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডে জুয়েল ছাড়া অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর