শিরোনাম

সামরিক পদক্ষেপ নিলে ‘আরও কঠোর’ জবাব দেবে ইরান

সামরিক পদক্ষেপ নিলে ‘আরও কঠোর’ জবাব দেবে ইরান

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে ইরান আতঙ্কিত নয় বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে প্রয়োজন হলে সামরিক প্রতিরোধের পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথেও এগিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ইরান সামরিক ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি নিয়ে রয়েছে। সম্ভাব্য যেকোনো পদক্ষেপ মোকাবিলায় নতুন কৌশল নিয়ে প্রস্তুত থাকার কথাও জানান তিনি।

গালিবাফের ভাষ্য, সামরিক সক্ষমতা জোরদারের পাশাপাশি ইরানের জনগণের অধিকার নিশ্চিত করতে কূটনীতিক প্রচেষ্টাও অব্যাহত রাখা হবে। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী সামরিক ও কূটনৈতিক—দুই পথই খোলা রাখছে তেহরান।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের একটি রোডম্যাপ দেওয়ার পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র কিছু প্রস্তাব পাঠিয়েছে বলে জানান ইরানের এই শীর্ষ আলোচক।

তবে গালিবাফ স্পষ্ট করে বলেন, গত জুনে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা’ অনুযায়ী নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।

এর আগে যুদ্ধের অবসান ঘটাতে গত মাসে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে কয়েকটি শর্ত পাঠায় তেহরান। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধে ইরানের দাবিগুলোর মধ্যে ছিল সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, জব্দ করা ইরানি অর্থ অবমুক্ত করা এবং দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার।

ইরানের অবস্থান অনুযায়ী, এসব শর্ত পূরণ এবং নির্ধারিত সমঝোতার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ে তেহরানের বর্তমান অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নেই।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর