শিরোনাম

জামালপুরে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক ও মো. আনু। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০০৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী নারী নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে আসামিরা তাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশে বাঁশঝাড় এলাকায় তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দীর্ঘ ২২ বছর পর এ মামলার রায় হলো। আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর