বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিফাতের বাবা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন সিফাত। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি তাঁকে একটি মোবাইল নম্বর লেখা কাগজ দেন এবং নম্বরটি মোবাইলে সংরক্ষণ করতে বলেন। অভিযোগ অনুযায়ী, বিষয়টি বুঝতে না পেরে নম্বরটি সংরক্ষণ করতে গেলে কৌশলে তাঁকে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়া হয়।
.jpeg)
অভিযোগে আরও বলা হয়েছে, ইজিবাইকে নেওয়ার পর সিফাতকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর ঘাড়ে ইনজেকশন দেওয়া হয় এবং এতে তিনি অচেতন হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাঁকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সিফাতের বাবা মো. কামরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মেঘাহাটের মাতারামহাট এলাকার একটি কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান কামরুজ্জামান।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে ঘটনার সত্যতা ও জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।