পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “জুলাই সনদের প্রত্যেকটি পৃষ্ঠা, প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো।” একই সঙ্গে তিনি দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। বিগত দিনের ফ্যাসিবাদ যেন আর কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, তা অক্ষুণ্ন রাখতে সব দল, সব মত এবং সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে থাকতে হবে।”
পঞ্চগড়ের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, “এই জেলার পাঁচজন কৃতী সন্তান রাজপথে জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
শ্রদ্ধাঞ্জলি পর্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যরা বক্তব্য রাখেন।