বাগেরহাটের মোংলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। পরে কাউকে না জানিয়ে হঠাৎ মোংলা সরকারি হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
বুধবার সকালে মোংলা সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। চারা রোপণের পর তিনি নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করেন পরিবেশ প্রতিমন্ত্রী। এছাড়া সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরেও গাছের চারা রোপণ করেন তিনি।
কাউকে না জানিয়ে হাসপাতালে পরিদর্শন
বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে কাউকে আগে না জানিয়ে হঠাৎ মোংলা সরকারি হাসপাতালে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এসে দেখলাম, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। কোনো রোগী যেন অভিযোগ করার সুযোগ না পান এবং সবাই যেন যথাযথ চিকিৎসাসেবা পান—এ বিষয়ে হাসপাতালের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রীর হাসপাতালে আসার খবর পেয়ে সেখানে দ্রুত উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।