শিরোনাম

পদার্থবিজ্ঞানে পড়েও চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

পদার্থবিজ্ঞানে পড়েও চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখা এবং অনুমোদন ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দিয়ে আসছিলেন। গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন লেখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ নিয়ে সংবাদ প্রকাশ ও অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন এবং চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, ফার্মেসিতে অনুমোদন ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন দেওয়া এবং প্রেসক্রিপশন লেখার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় রোকসানা আক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর