শিরোনাম

দৌলতপুরে এসআরবির সঙ্গে মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলি বিনিময়, পিস্তল-গুলিসহ অস্ত্র উদ্ধার

দৌলতপুরে এসআরবির সঙ্গে মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলি বিনিময়, পিস্তল-গুলিসহ অস্ত্র উদ্ধার

খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি (SRB) ফোর্সেসের সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সংস্থাটি। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবির সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও গুলির শব্দে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটি আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর