সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে সীমান্তের ১৩/৪ এস পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি জানায়, ৩৩ বিজিবির আওতাধীন কলারোয়া উপজেলার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের মুহূর্তে একটি আভিযানিক দল তাঁকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার জানান, গত ২৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে শনিবার তিনি বাংলাদেশে ফিরছিলেন।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রান্ত তালুকদার গোপালগঞ্জের গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হন। পরে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে বলে বিজিবি জানিয়েছে।
অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাত ১০টার দিকে আটক ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।