শিরোনাম

নানা আয়োজনে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী পঞ্চগড় ছেড়ে পালিয়ে যায়। এর মধ্য দিয়ে শত্রুমুক্ত হয় পঞ্চগড়।

প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।

পরে স্মৃতিস্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাশে শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি বাহিনী সারাদেশে আক্রমণ শুরু করলেও ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত ছিল। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি বাহিনী সড়কপথে এসে পঞ্চগড় দখল করে নেয়। পরবর্তী সময়ে জেলার চারটি উপজেলা দখলে নিলেও অমরখানায় চাওয়াই নদীর ওপর একটি সেতু মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ায় পাকিস্তানি বাহিনী তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। মুক্তিযুদ্ধের পুরো সময় তেঁতুলিয়া হানাদারমুক্ত ছিল। মুক্তাঞ্চল হিসেবে তেঁতুলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থায়ী সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভাও সেখানে অনুষ্ঠিত হয়েছিল।

১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর অবস্থানে হামলা শুরু করে। এতে একের পর এক এলাকা মুক্ত হতে থাকে। ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া এবং ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর ও ধামোর শত্রুমুক্ত হয়। ওই রাতেই মুক্তিযোদ্ধারা পঞ্চগড় সিও অফিস ও ঘাটিয়ারপাড়া এলাকায় সম্মুখসারির অবস্থান গড়ে তোলেন।

২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালান। এতে পঞ্চগড় শহরের পূর্বদিকে অবস্থান নেওয়া পাকিস্তানি বাহিনী টিকতে না পেরে টুনিরহাট-দেবীগঞ্জ হয়ে ডোমারের কাঁচা সড়ক ধরে সৈয়দপুরের দিকে পিছু হটে। ওই রাতে মুক্তিবাহিনী, মিত্রবাহিনী, ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত আক্রমণে পরাজিত হয়ে পাকিস্তানি বাহিনী পঞ্চগড় ছেড়ে চলে যায়। পরদিন ২৯ নভেম্বর ভোরে পঞ্চগড় সম্পূর্ণ হানাদারমুক্ত হয়।

এ যুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ মিত্রবাহিনীর প্রায় শতাধিক সদস্য শহীদ হন। আহত হন অনেকে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর