নীলফামারীর কিশোরগঞ্জে নবম শ্রেণির ছাত্রী লিমু আক্তারের (১৫) মৃত্যুতে রাজীব আদর্শ উচ্চবিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। যে শ্রেণিকক্ষে সহপাঠীদের সঙ্গে নিয়মিত সময় কাটাত লিমু, সেই বেঞ্চটি এখন পড়ে আছে শূন্য।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
লিমু উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাজেডুমরিয়া পূর্বপাড়া এলাকার দয়াল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরে লিমু মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে তারা জানতে পেরেছেন। তবে তার এমন অবস্থার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
লিমুর মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। তার মৃত্যু ঘিরে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।