একটি সংঘবদ্ধ গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান। তিনি এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজিত র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ড. মনিরুজ্জামান বলেন, ধর্মপ্রাণ মানুষকে আবেগঘন বিভিন্ন বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ও তাদের মিত্ররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গোলাম আলমগীর, গাজী শহিদুজ্জামান, গাজী শাহ আলম, আবুল খয়ের মল্লিক, আজিজুল হক, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর জাহান পারভীন ঝর্ণা, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুজ্জামান, সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।