শিরোনাম

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে তানভীর গ্রেফতার

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে তানভীর গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি পোস্টের জেরে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ও উসকানি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

একই অভিযোগে এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজী সালাউদ্দিন তানভীরকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারের পর গাজী সালাউদ্দিন তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার রিমান্ড আবেদন করা হবে।

এদিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে কারাগারে নেওয়ার সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের একটি অংশ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তার দিকে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর