ভারতের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে বারবার পিছিয়ে যাওয়া সিরিজটি আগামী জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
সিরিজটি হওয়ার কথা ছিল আরও প্রায় এক বছর আগে। পরবর্তী সময়ে চলতি বছরের সেপ্টেম্বরে সফরের নতুন সূচি নির্ধারণের আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার আগামী জানুয়ারিতে ভারতের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আলোচনা চলছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভার ফাঁকে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও সফর নিয়ে এখনই নিশ্চিত কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।
সোমবার (২৩ নভেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা (ভারতের বাংলাদেশ সফর) নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখনই আপডেট আসার মতো পর্যায়ে আসবে, তখন আপনারা সবার আগে জানতে পারবেন।’
এদিকে ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও শুভমান গিলরা। তবে সফরের চূড়ান্ত সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
ভারত সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল।