শিরোনাম
গ্রামপুলিশের বিরুদ্ধে অভিযোগ

কালিগঞ্জে ছয় হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা

কালিগঞ্জে ছয় হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা

সাতক্ষীরার কালিগঞ্জে ছয়টি হিন্দু পরিবারের ভোগদখলে থাকা প্রায় ২৫ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক গ্রামপুলিশ সদস্যের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত সশস্ত্র লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে গ্রামপুলিশ সাইফুল ইসলাম বিস্তারিত কথা বলতে রাজি হননি। তবে পুলিশ জানিয়েছে, জমিতে দখলচেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ভুক্তভোগী জয়দেব রজক জানান, ফতেপুর মৌজার এসএ ৩৮৫ দাগের ৬০ শতক জমিতে তাঁর পরিবারসহ সাতটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছে। এর মধ্যে ৫১ শতক তাঁদের নামে রেকর্ডভুক্ত। তবে বর্তমান মাঠ জরিপে ৯ শতক জমি সাইফুল ইসলাম ও তাঁর শরিকদের নামে রেকর্ড হয়েছে।

জয়দেবের দাবি, ওই রেকর্ডের ভিত্তিতে সাইফুল ও তাঁর শরিকরা আগে কয়েক দফা জমি দখলের চেষ্টা করেন। এ নিয়ে গত ২১ মে কালিগঞ্জ সিভিল জজ আদালতে দেওয়ানি মামলা করা হয়।

পরে ইউনিয়ন পরিষদে কয়েক দফা সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ৫ সেপ্টেম্বর উভয় পক্ষের আইনজীবী ও একজন নিরপেক্ষ আইনজীবীর উপস্থিতিতে জমির বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ততদিন পর্যন্ত জমিতে কোনো ধরনের নির্মাণকাজ না করার সিদ্ধান্তও দেওয়া হয়েছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই সিদ্ধান্ত উপেক্ষা করে শুক্রবার রাতে সাইফুল ইসলাম, তাঁর কয়েকজন ভাই-স্বজনসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে যান। এ সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে জয়দেব, বাসুদেব, শুকদেব ও প্রদীপদের তিনটি কাঠের ঘর, তিনটি শৌচাগার ও বাঁশবাগানসহ প্রায় ২৫ শতক জমি বাঁশ ও জাল দিয়ে ঘিরে একটি ছোট টিনের ঘর নির্মাণ করা হয়।

খবর পেয়ে ভোরে কালিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছে।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ শাহজি বলেন, ৫ সেপ্টেম্বর পর্যন্ত কোনো পক্ষকে জমিতে নির্মাণকাজ না করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এরপরও রাতে লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক বলেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জবরদখলের চেষ্টা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। বিষয়টি আদালতের নজরে আনা যেতে পারে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক মল্লিক মনিরুজ্জামান বলেন, রজক পরিবারের ভোগদখলে থাকা জমিতে রাতে দখলের চেষ্টা হয়েছে—এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিরোধ নিষ্পত্তিতে প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ঘটনার পর ফতেপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর