শিরোনাম

টাইব্রেকারে গোপালগঞ্জকে হারিয়ে ফাইনালে খুলনা সান স্পোর্টিং ক্লাব

টাইব্রেকারে গোপালগঞ্জকে হারিয়ে ফাইনালে খুলনা সান স্পোর্টিং ক্লাব

বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুব সংঘ ক্লাব আয়োজিত মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জ সিটি ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা সান স্পোর্টিং ক্লাব।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে গোপালগঞ্জ সিটি ক্লাবকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে খুলনা সান স্পোর্টিং ক্লাব।

খেলা শুরুর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল হক রাহাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও ফকিরহাটের সন্তান মো. তারেক। স্থানীয় এই তরুণ ফুটবলারকে কাছে পেয়ে দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়েবুর রহমান, উপজেলা সেক্রেটারি আবুল আলা মাসুম, আট্টাকী যুব সংঘ ক্লাবের উপদেষ্টা ও ফকিরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ মুশফিকুজ্জামান রিপন, বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর ইসলাম লেমন এবং ইউপি সদস্য মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রৌদ্রোজ্জ্বল দিনে সেমিফাইনাল ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ফুটবলপ্রেমী গ্যালারি ও মাঠের চারপাশে ভিড় করেন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের উচ্ছ্বাসে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে।

আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অভয়নগর ফুটবল একাডেমি, যশোর এবং কলেজ রোড ক্রীড়াচক্র, মাদারীপুর। এ ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে খুলনা সান স্পোর্টিং ক্লাব।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর