জামালপুরের লাহিড়ীকান্দায় বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং বাইটকামারী এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষের উপক্রম হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এতে দুই যানবাহনের যাত্রীরা চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত মানিকুল ইসলাম জামালপুর সদর উপজেলার বাঘড়াছুটিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।