শিরোনাম

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় মহিলা পরিষদের মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় মহিলা পরিষদের মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা।

রোববার (১৬ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনজুমানারা বেগম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত।

মানববন্ধনে বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক রানা লুইস গাইন, অর্জন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মঞ্জুরী, স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম, মহিলা পরিষদের সহসভাপতি শামীমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাছরিন ও ব্রাঞ্চ এক্সিকিউটিভ মো. মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও অনলাইন নিপীড়ন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে নারীর নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

তারা আরও বলেন, সংবিধানে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা হলেও বাস্তবে এখনো নারীর জন্য নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

মানববন্ধন থেকে পরিবারে মানবিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগের দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর