বাগেরহাটের ফকিরহাটে ব্যাটারিচালিত অটোভ্যান থেকে পড়ে সালমা আক্তার (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার উপজেলার উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক মো. জাহাঙ্গির আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর জাহাঙ্গির আলম স্ত্রী সালমাকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে ফকিরহাট সদর বাজারের দিকে যাচ্ছিলেন। ব্র্যাকের মোড় এলাকায় পৌঁছালে দুর্ঘটনাবশত সালমার ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে তিনি ভ্যান থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।