কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলের বারে মদ্যপান ও বাকবিতণ্ডাকে কেন্দ্র করে রাশেদ নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের হাতে আটক ও মারধরের শিকার সোলাইমান প্রকাশ সালমান নামের আরেক যুবকেরও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে ঝাউতলা এলাকার হোটেল রেনেসাঁর বারে কয়েকজন যুবকের মধ্যে মদ্যপানকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফোন করে আরও দুজনকে ডেকে আনেন। পরে হোটেলের বাইরে রাশেদকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রাশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত রাশেদের স্বজন ও স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোলাইমান প্রকাশ সালমানকে আটক করে মারধর করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় পুলিশ তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওয়াহিদুর রহমান বলেন, বারের ভেতরে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে ফোন করে আরও দুজনকে ডেকে এনে রাশেদকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সালমানকে স্থানীয়রা আটক করে মারধর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে রাশেদের ওপর হামলা চালানো হয়েছিল, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।