সাতক্ষীরার তালায় নিষিদ্ধ কীটনাশক ও বিভিন্ন ব্র্যান্ডের নকল সার মজুত ও বিক্রির অভিযোগে মশিউর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালা উপজেলার শুভাশিনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (সিপিসি-১) ও তালা উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযানটি চালায়।
র্যাব-৬ (সিপিসি-১) জানায়, অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৫০০ কেজি অবৈধ কেমিক্যাল জব্দ করা হয়। এর মধ্যে ৬০০ কেজি নিষিদ্ধ প্যারা কোয়াড (ঘাসমারা ওষুধ) এবং ৮৭০ কেজি জিংকসহ বিভিন্ন ভেজাল উপকরণ রয়েছে।
র্যাব-৬ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, শুভাশিনী এলাকায় দীর্ঘদিন ধরে এক ব্যবসায়ী নিষিদ্ধ কীটনাশক প্যারা কোয়াড এবং জিংকসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সারের নকল মোড়ক ও কৌটা ব্যবহার করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য ও উপকরণ জব্দ করা হয়।
পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ও কীটনাশক আইনে অভিযুক্ত মশিউর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।