শিরোনাম

বাগেরহাটের মোংলায় এসআরবির অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় এসআরবির অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মোংলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সংযোগ সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর এলাকার ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহমেদ (২৫), বেলুবালারহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং একই এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণমাঠ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার ইব্রাহিমকে এর আগে গত ৬ জুলাই বাগেরহাটের রামপালে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে তিনি ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটিও। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা গাঁজা, জব্দ করা বাস ও গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর