বরিশাল প্রতিনিধি: কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধাবীদের কোনো ভিসা লাগে না, মেধাবীদের কোনো ঠিকানা লাগে না।’ বিগত সরকার শিক্ষা খাতকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা খাতে যে অগ্রগতি হয়েছিল, পরবর্তী সময়ে তা পিছিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত সরকার শিক্ষা খাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিত। সেই বরাদ্দ থেকেই আইসিটি খাতের ব্যয় নির্বাহ করা হতো। ফলে শিক্ষার উন্নয়ন থমকে থাকত। বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি, বিএমপি কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাঁদের অনুপ্রাণিত করতেই এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বক্তারা।