বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি চালু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামনে দেওয়া প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছে ইরান। তবে প্রণালিটি স্বাভাবিকভাবে চালু করার জন্য ওয়াশিংটনকে তেহরানের নির্ধারিত শর্তগুলো মেনে নিতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে একটি ধর্মীয় সংগঠনের সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরাগচি জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের যে প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছিল, তা এখনো কার্যকর রয়েছে। ওয়াশিংটন এ বিষয়ে কিছু মতামত জানিয়েছে। সেগুলো বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আন্তরিকতার পরিচয় দিলে হরমুজ প্রণালি চালুর পথ তৈরি করা সম্ভব। তবে দুই দেশের মধ্যে আলোচনা এখনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।
ইরানের নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, তেহরানের মূল শর্তগুলো পূরণ না হওয়ায় আলোচনা থমকে রয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, দেশটির তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক সংঘাত বন্ধ করা।
আরাগচির বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটন এসব শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করা সম্ভব। এর পরদিনই দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ওয়াশিংটন আলোচনার মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর ওপর জোর দিচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যুদ্ধ বন্ধের আলোচনায় এ বিষয়টিকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছেন।
অন্যদিকে, তেহরান প্রথমে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। এরপর অন্যান্য বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার অবস্থানে রয়েছে দেশটি।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। ফলে হরমুজ প্রণালিতে নৌচলাচল বিঘ্নিত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে তার প্রভাব পড়তে পারে।