শিরোনাম

রাতের আঁধারে অপহরণের পর যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

রাতের আঁধারে অপহরণের পর যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির সামনে থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে নির্যাতনের পর তাঁর দুই চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত ওই যুবক বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নির্যাতনের শিকার যুবকের নাম মো. রাজিব (২৮)। তিনি সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে।

রাজিবের ভাই মো. রিয়াজের ভাষ্য, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে বাড়ির সামনে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজিব। এ সময় একটি মাইক্রোবাস এসে সেখানে থামে। পরে দুই ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

রিয়াজের অভিযোগ, রাজিবকে বদরপুর ও লালমোহন হয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর দুই চোখ নষ্ট করে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়।

পরে রাজিবের চিৎকার শুনে আশপাশের একটি ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

রাজিবের ভাই আরও অভিযোগ করেন, তাঁর শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের কয়েকজন তাঁদের এলাকার বলে দাবি করে তিনি বলেন, রাজিব কয়েকজনকে চিনতে পেরেছেন এবং তাঁদের নামও জানিয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, মধ্যরাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজিবের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।

ওসি জানান, মামলায় এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর