সুন্দরবনের দুবলার চর এলাকার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ১২ জেলেকে নিয়ে মাছ আহরণ করছিল। এ সময় দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে বোটটি।
পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটের এক জেলে ফোনে মালিকপক্ষকে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করে ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। উদ্ধার করা বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্রে বিপদে পড়া ১২ জেলেকে দ্রুত উদ্ধার করায় তাদের পরিবারে স্বস্তি ফিরেছে।