পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের বিটপাড়া ঘাটে ভেরসা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আয়োজিত মানববন্ধনে ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগজ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।
স্থানীয়দের দাবি, বিটপাড়া ঘাটে সেতু না থাকায় পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার কৃষক নদীর ওপারে থাকা কৃষিজমিতে যাতায়াত ও কৃষিকাজে নানা সমস্যার মুখে পড়ছেন। কয়েক হাজার হেক্টর জমিতে ধান, পাট, ভুট্টা, গম ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। পাশাপাশি গবাদিপশুর জন্য ঘাসেরও আবাদ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী পারাপারের জন্য স্থায়ী সেতু না থাকায় কৃষকদের উৎপাদিত ফসল, বীজ ও সার পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীর গভীরতার কারণে ট্রাক্টরসহ কৃষিযন্ত্র অনেক সময় নদীর ওপারে নেওয়া সম্ভব হয় না। এতে কিছু জমি অনাবাদি পড়ে থাকে। বর্ষাকালে নদী পারাপার আরও ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়ে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ইউপি সদস্য শামসুল হক সরকার, সাবেক ইউপি সদস্য জশিমউদ্দিন, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ফজলে করিম, স্বেচ্ছাসেবক দল নেতা হারু রশিদ, স্থানীয় কৃষক ফেরদৌস আহমেদ, দমিজ উদ্দিন ও আল আমীনসহ অনেকে।
বক্তারা বলেন, ভেরসা নদীর বিটপাড়া ঘাটে একটি সেতু নির্মাণ করা হলে পাঁচ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহন ও কৃষিকাজে গতি আসবে। তাই দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।