নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ১৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩২৮ জন। উপজেলায় এবার গড় পাসের হার ৭২ দশমিক ৭৭ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৮৭১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
ফলাফলে পাসের হারে সৈয়দপুর উপজেলায় শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। একই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।
এ ছাড়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ, আল-ফারুক একাডেমিতে ৯৫ দশমিক ৯৫ শতাংশ এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে ৯২ দশমিক ৫৯ শতাংশ। ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন পাস করেছে এবং ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।
তবে কয়েকটি প্রতিষ্ঠানে ফলাফল তুলনামূলকভাবে কম হয়েছে। সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছে। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ৭৬ দশমিক ৭৪ শতাংশ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৭ দশমিক ৭৮ শতাংশ, শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ে ৫৯ দশমিক ৩৪ শতাংশ এবং বতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে ৫১ দশমিক ৭৯ শতাংশ পাস করেছে।
সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৬ দশমিক ১৪ শতাংশ।
উপজেলায় সবচেয়ে কম পাসের হার সাতপাই হাই স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটির ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৪ জন পাস করেছে। পাসের হার ৩২ শতাংশ।
সার্বিক ফলাফলে দেখা যায়, সৈয়দপুর উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২ হাজার ৩২৮ জন উত্তীর্ণ এবং ৮৭১ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ৫১৩ জন।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি বলেন, “এবারের এসএসসি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”