শিরোনাম

ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা হাসিনার, পাসপোর্ট ও প্রত্যর্পণ নিয়ে জটিলতা

ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা হাসিনার, পাসপোর্ট ও প্রত্যর্পণ নিয়ে জটিলতা

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও দাবি করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে পাসপোর্ট পাওয়া, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং দেশে ফেরার পর আইনি পরিস্থিতি—সব মিলিয়ে তাঁর প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি নতুন পাসপোর্টের জন্য আবেদন করার খবর প্রকাশিত হলে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন। দ্রুত এসব নথি সরবরাহের আবেদন জানিয়ে লেখা চিঠিটি সংবাদমাধ্যমটির হাতে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা দ্য গার্ডিয়ান-কে জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা আত্মবিশ্বাসী। তাঁর দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দলের কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন বলেও দাবি করেছেন তাঁরা। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতার ভাষ্য, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। পাসপোর্ট না পেলে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন।

এর আগে গত আগস্টেও দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’

তবে শেখ হাসিনার দেশে ফেরার পথে বড় বাধা হয়ে আছে তাঁর বিরুদ্ধে থাকা মামলা ও দণ্ডের বিষয়টি। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই। তাঁর দাবি, রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা পেরিয়ে গেছে। ফলে দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।

এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এখন পর্যন্ত ভারত তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের দাবিতে সাড়া দেয়নি। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়েছে এবং তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। তাঁর পাসপোর্ট নবায়নের আবেদনকে তিনি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরতে হবে। বাংলাদেশ সরকার ভারতকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, আওয়ামী লীগ নিজেদের কর্মীদের চাঙা রাখতে এবং দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দিচ্ছে। ডিসেম্বর ঘিরে তৈরি হওয়া শঙ্কা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই কোনো সরকারের ফিরে আসার নজির নেই। তাঁর মতে, দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের একটি অংশ এসব প্রচার চালাচ্ছে। শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময়কার শক্তির উৎস ছিল তৎকালীন ক্ষমতাকাঠামো, যা এখন আর নেই।

এদিকে আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের দাবি, দলের অনেক নেতাই শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তাঁদের কেউ কেউ অনুপস্থিতিতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন। দলের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি গত সেপ্টেম্বরে দেশে ফেরার পর গ্রেপ্তার হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় তাঁর বিরুদ্ধে বিচার চলছে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাঁদের কয়েকজনকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার খবর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি, তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড এবং দেশে ফেরার পর সম্ভাব্য আইনি প্রক্রিয়া—এসব বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর প্রত্যাবর্তন কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর