শিরোনাম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসির ব্যয় প্রায় ১০ কোটি টাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসির ব্যয় প্রায় ১০ কোটি টাকা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। রোববার (১ নভেম্বর) ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, উপনির্বাচনে মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হয়েছে ৭ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৮৭ টাকা। আর নির্বাচন পরিচালনায় খরচ হয়েছে ২ কোটি ৭১ লাখ ৭ হাজার ৫০৩ টাকা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটের দিন ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। দায়িত্ব পালন করেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, এসআরবির ২৫১ জন সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ জন এবং আনসারের ২ হাজার ৪৬৫ জন সদস্য। এ ছাড়া নির্বাচনী অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় ৩৫ জন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার চারজন। আসনটিতে ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন।

গত ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ার হার ছিল ৬৪ দশমিক ৮১ শতাংশ। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ফলাফলের গেজেট প্রকাশ করেছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ৪৫০ ভোট।

গত ২১ আগস্ট তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর