ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। দলটির মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম তাঁকে জামায়াতের পক্ষে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রধান মাধ্যম নির্বাচন। জামায়াতে ইসলামী গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সে কারণে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
.jpeg)
তিনি বলেন, কেন্দ্র থেকে ১১ দলের যৌথ সিদ্ধান্তে ঠাকুরগাঁওয়ের সন্তান দেলাওয়ার হোসেনকে প্রার্থী করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ ও শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
দেলাওয়ার হোসেন গত জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসনটির উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল শিগগিরই নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে জানা গেছে।