শিরোনাম

ঢাকা-চট্টগ্রামের দুই বিমানবন্দরে একদিনে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক

ঢাকা-চট্টগ্রামের দুই বিমানবন্দরে একদিনে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ও স্বর্ণবার এবং একটি আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান চালানো হয়। এর মধ্যে ঢাকায় ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন এবং চট্টগ্রামে ৪৩৪ গ্রাম স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার আটক করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি জোরদার করেন। এ সময় কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-0316 ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁর ব্যাগেজ পরীক্ষা করা হয়।

পরীক্ষাকালে তাঁর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স আটক করা হয়। এসব পণ্যের শুল্ককরসহ আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একই দিনে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে আসা যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কাস্টমস কর্মকর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।

পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়।

একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তাঁর পাসপোর্টে ২০২৬ সালে আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও লিপিবদ্ধ রয়েছে।

চট্টগ্রামে আটক করা ৪৩৪ গ্রাম স্বর্ণের শুল্ককরসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৯০২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।

অধিদপ্তরের মতে, আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিভিত্তিক যাত্রী শনাক্তকরণ এবং তাৎক্ষণিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজস্ব সুরক্ষা, স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করতে বিমানবন্দরগুলোতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর