শিরোনাম

মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দিনের সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি সার্কিট হাউসে যাবেন। দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। সফরস্থল, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সফর উপলক্ষে নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।

সিসিক প্রশাসক বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজে সিটি করপোরেশন নিয়মিতভাবে কাজ করছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় করা হচ্ছে।

সফর উপলক্ষে শনিবার সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর