শিরোনাম

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে লাখ টাকা, উপসহকারী প্রকৌশলী আটক

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে লাখ টাকা, উপসহকারী প্রকৌশলী আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজ তদারকির সময় ব্যাগ ও পকেট থেকে মোট দেড় লাখ টাকা উদ্ধারের পর এক উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিম্নমানের রাস্তার কাজ ও টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের অভিযোগ, বোদা উপজেলার সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। এ নিয়ে তাঁরা অভিযোগ জানালেও কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম বিষয়টি গুরুত্ব দেননি বলে দাবি তাঁদের।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলে বরাদ্দ ও সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান এলাকাবাসী। এ সময় প্রকৌশলী আকরাম সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাঁর পিছু নিয়ে পথ আটকান এবং ব্যাগ তল্লাশি করতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুলিশ তাঁর ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে এক লাখ টাকা এবং পকেট থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করে। পরে তাঁকে থানায় নেওয়া হয়। টাকার উৎস ও সঙ্গে এত নগদ অর্থ রাখার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলেছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

তবে অভিযোগ অস্বীকার করে উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম বলেন, উদ্ধার করা টাকা তাঁর নিজের এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এ বিষয়ে বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে সঙ্গে এত পরিমাণ নগদ টাকা বহনের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং রাস্তার নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর