শিরোনাম

সৈয়দপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, স্কাপসহ গ্রেপ্তার ৩

সৈয়দপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, স্কাপসহ গ্রেপ্তার ৩

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। পৃথক অভিযানে ৩৯ বোতল স্কাপ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে আরও দুজনকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর পৌরসভার শামসুল হক সুপার মার্কেট ও তামান্না সিনেমা হল এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবীর নেতৃত্বে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাসহ পুলিশের একটি দল শামসুল হক সুপার মার্কেটে অভিযান চালায়। এ সময় পুরাতন মুন্সিপাড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে মো. আমানত হোসেনকে (৩৫) আটক করা হয়। তার হেফাজত থেকে ৩৯ বোতল স্কাপ উদ্ধার করা হয়। পরে মাদকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানে সৈয়দপুর থানার দুটি পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।

অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে তামান্না সিনেমা হল এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে মো. রাজু (২৩) ও আব্দুল মজিদ ওরফে সবুজকে (৩৫) আটক করে পুলিশ।

রাজু সৈয়দপুরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ এলাকার ছামছাদের ছেলে। আব্দুল মজিদ ওরফে সবুজ একই উপজেলার অফিসার্স কলোনি এলাকার মৃত মাহামুদ আলমের ছেলে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে পুরো জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে উপজেলা পর্যায়ে দিন-রাত অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, কোথাও মাদক কেনাবেচা বা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানাতে হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর