শিরোনাম

মা পরীক্ষার হলে, শিশুকে কোলে নিয়ে কনস্টেবল শিল্পী

মা পরীক্ষার হলে, শিশুকে কোলে নিয়ে কনস্টেবল শিল্পী

চাকরির নিয়োগ পরীক্ষা দিতে ছোট শিশুকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে এসেছিলেন এক নারী। পরীক্ষা শুরু হওয়ার আগে শিশুটিকে কার কাছে রেখে হলে যাবেন—এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। বিষয়টি নজরে আসে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শিল্পীর। মায়ের পরীক্ষা নির্বিঘ্ন করতে শিশুটিকে নিজের কোলে তুলে নেন তিনি।

শিশুকে কোলে নিয়ে কনস্টেবল শিল্পীর দায়িত্ব পালনের সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানবিক এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজে জেলা প্রশাসনের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নারী প্রার্থী তাঁর ছোট শিশুসন্তানকে সঙ্গে নিয়ে একাই পরীক্ষাকেন্দ্রে আসেন। পরীক্ষা শুরু হলে শিশুটিকে দেখাশোনার মতো কেউ না থাকায় বিপাকে পড়েন তিনি।

এ সময় এগিয়ে আসেন সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শিল্পী। নিরাপত্তার দায়িত্ব পালন করার পাশাপাশি পরীক্ষার পুরো সময় শিশুটিকে নিজের কাছে রাখেন তিনি। এতে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান ওই নারী।

কনস্টেবল শিল্পী বলেন, “নিরাপত্তার দায়িত্ব পালনের সময় দেখি, একজন মা ছোট শিশুকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষা চলাকালে শিশুটিকে দেখাশোনা করার কেউ ছিল না। তাই তিনি যেন নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য পরীক্ষার সময়টুকু শিশুটিকে আমার কাছে রাখি। একজন মা সন্তানের চিন্তা ছাড়া পরীক্ষা দিতে পেরেছেন—এটাই আমার ভালো লাগা।”

ঘটনাটি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অন্যদেরও নজর কাড়ে। পরে শিশুটিকে কোলে নিয়ে কনস্টেবল শিল্পীর দায়িত্ব পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন তিনি।

নেটিজেনদের অনেকে মনে করছেন, পুলিশের প্রতি মানুষের প্রচলিত নানা নেতিবাচক ধারণার বিপরীতে কনস্টেবল শিল্পীর এই উদ্যোগ জনবান্ধব ও মানবিক পুলিশের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তাঁদের মতে, একজন মায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়ে তাঁর সন্তানের দায়িত্ব নিয়ে শিল্পী শুধু সহযোগিতাই করেননি, দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতারও পরিচয় দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিতে তাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পরীক্ষার হলে থাকা মা নয়, বরং মায়ের নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে শিশুটিকে আগলে রাখা কনস্টেবল শিল্পীর মানবিক ভূমিকা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর